জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তারাপুর চা-বাগান দখলে জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় কারাবন্দী রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের জামিন নামঞ্জুর হয়েছে জজ আদালতেও। আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার জেলা ও দায়রা জজ মনির হোসেন পাটোয়ারীর আদালতে জামিন শুনানি হয়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। এ দুই মামলায় অভিযোগ গঠন করে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে বিচার চলমান রয়েছে। ১৪ ডিসেম্বর মামলা দুটির সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে। জামিন শুনানিতে অংশ নেওয়া রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সিলেটের সরকারি কৌঁসুলি মিসবাহ উদ্দিন সিরাজ জানান, রাগীব আলী ও তাঁর ছেলে অসুস্থ। বিষয়টি জানিয়ে তাঁর পক্ষের আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতে নথি স্থানান্তরের আবেদন করেন। আদালতে তা মঞ্জুর হয়। মহানগর দায়রা জজ ছুটিতে থাকায় জেলা ও দায়রা জজ আদালতে গতকাল শুনানি হয়।