জামিন নামঞ্জুর, চার আসামি জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নে মেধাবী স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার কুড়িগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু খান শাহিন এই আদেশ দেন।

আসামিরা হলেন ফারুক, লাবু, মোত্তালেব ও রুবিনা খাতুন। আসামিরা এর আগে ৮ জুলাই হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নেন। উচ্চ আদালত তাঁদের ৫ আগস্ট নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আসামিরা ওই দিন আদালতে উপস্থিত না হয়ে গতকাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু খানের আদালতে হাজির হয়ে বিলম্বে জামিনের আবেদন করেন। দেরি করার কারণে আদালত তাঁদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরে চারজনকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২ জুলাই আন্ধারীরঝাড়ে দশম শ্রেণীর ওই মেধাবী ছাত্রীকে বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আল আমিন, ফারুক, মোত্তালেব ও লাবু। ধর্ষণে সহায়তা করেন রুবিনা খাতুন। আসামিদের মধ্যে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁদের মধ্যে আল আমিন ছাড়া অন্যরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন।

‘ওরা আমার জীবনটাই শেষ করে দিল’: এর আগে গত মঙ্গলবার ধর্ষকদের শাস্তির দাবি জানিয়েছিল ওই স্কুলছাত্রী ও তার পরিবার। মঙ্গলবার বাড়িতে গেলে মেয়েটি বলে, ‘আমি জীবনেও পড়াশোনায় দ্বিতীয় হইনি। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছি। আমার বাবা গরিব হোমিওপ্যাথিক চিকিৎসক। সে কারণে আমি চিকিৎসক হতে চেয়েছিলাম। কিন্তু ওরা আমার জীবনটাই শেষ করে দিল। আগামী ডিসেম্বরে এসএসসি পরীক্ষা। কোনোভাবেই লেখাপড়ায় মন বসছে না।’

ধর্ষণের আলামত মিলেছে: ধর্ষণের ঘটনার পর কুড়িগ্রাম সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়। প্রতিবেদনের ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নজরুল ইসলাম বলেন, মেডিকেল রিপোর্টে মেয়েটিকে ধর্ষণের সব আলামত পাওয়া গেছে।

নিশ্চুপ পুলিশ: ঘটনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশ ১৬৪ ধারায় মেয়েটির জবানবন্দি নেয়নি। কোনো আসামিকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদও করেনি।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন বলেন, মামলার অন্যান্য আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এলেই মেয়েটির জবানবন্দি নেওয়া হবে।