জামিন নামঞ্জুর, মিনু কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে দুটি পৃথক আদালতে জামিন আবেদন জানানো হয়। দুটি আদালতেই তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, মিজানুর রহমান মিনুর নামে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগর হাকিম আদালত-৫ এ তিনটি। এর একটি মামলায় মিজানুর রহমান উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। অন্যদিকে রাজশাহী মহানগর হাকিম আদালত-১ এ রয়েছে চারটি মামলা। এর মধ্যে দুটি মামলায় আগেই তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন।

মিজানুর রহমান মিনুর আইনজীবী রইসুল ইসলাম বলেন, দুপুর ১২টা ৫ মিনিটের সময় রাজশাহী মহানগর হাকিম আদালত-৫ এ জামিনের আবেদন জানানো হয়। এ সময় বিচারক জয়ন্তী রানি দাস তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উচ্চ আদালত থেকে জামিন নেওয়া মামলাটির জামিনও বিচারক নামঞ্জুর করেন।

পরে মহানগর হাকিম আদালত-১ এ জামিনের আবেদন করা হয়। এই আদালতের বিচারক মোকসেদা আজগরও জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এই আদালত উচ্চ আদালত থেকে জামিন নেওয়া একটি মামলার জামিন মঞ্জুর করেন। এই মামলাটি হচ্ছে পুলিশকে লক্ষ করে ককটেল বিস্ফোরণের মামলা। গত ৮ ফেব্রুয়ারি এই অভিযোগে রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় বিস্ফোরক আইনের ৩ ধারা মামলাটি দায়ের করা হয়।

আইনজীবী রইসুল ইসলাম বলেন, আগামী ২৭ জুলাই দুইটি মামলার ধার্য দিন রয়েছে।