জামিন নামঞ্জুরের প্রতিবাদে অবরোধ
আদালতে সাত শ্রমিকের জামিন নামঞ্জুর হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার প্রায় চার ঘণ্টা নীলফামারীতে সড়ক ও মহাসড়ক অবরোধ করা হয়েছে। ওই সময় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ২২টি পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। প্রায় চার ঘণ্টা পর বেলা তিনটারদিকে প্রশাসনের মধ্যস্থতায় কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়।
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ জানান, গত বছরের এপ্রিল মাসে ভটভটির মালিক মো. জলিল আমাদের সংগঠনের সাত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে মামলা করেন। আদালতে ওই শ্রমিকনেতাদের জামিনের আবেদন করা হয়। তখন থেকে তাঁরা জামিনে ছিলেন। কিন্তু গত মে মাসে মামলার বাদী আবেদন করে মামলাটি জেলা জজ আদালতে নিয়ে যান। এ সময় আদালত তাঁদের জামিনের আদেশ বাতিল করে কারাগারে পাঠান। গতকাল নেতাদের জামিনের আবেদনের শুনানি হয়। কিন্তু আদালত তাঁদের জামিন নামঞ্জুর করলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হন।