জামিন নামঞ্জুরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে আদালতে সাত শ্রমিকের জামিন নামঞ্জুর হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার প্রায় চার ঘণ্টা সড়ক ও মহাসড়ক অবরোধ করা হয়েছে। ওই সময় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ২২টি পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
প্রায় চার ঘণ্টা পর বেলা তিনটার দিকে প্রশাসনের মধ্যস্থতায় অবরোধ কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে মহাসড়কগুলোতে নছিমন, করিমন ও ইজিবাইক বন্ধের দাবি জানিয়ে আসছি। এ পরিস্থিতিতে গত বছরের এপ্রিল মাসে ভটভটির মালিক মো. জলিল আমাদের সংগঠনের সাত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে মামলা করেন। নীলফামারী মুখ্য বিচারিক হাকিমের আদালতে ওই শ্রমিকনেতাদের জামিনের আবেদন করা হয়। তখন থেকে তাঁরা জামিনে ছিলেন।
কিন্তু গত মে মাসে মামলার বাদী আবেদন করে মামলাটি জেলা জজ আদালতে নিয়ে যান। এ সময় আদালত তাঁদের জামিনের আদেশ বাতিল করে কারাগারে পাঠান। গতকাল আবার ওই নেতাদের জামিনের আবেদনের শুনানি হয়। কিন্তু যুগ্ম জেলা জজ আদালত আবার তাঁদের জামিন নামঞ্জুর করেন। এতে পরিবহনশ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।