জামিন নয়তো গ্রেপ্তার, আদালতে যাচ্ছেন আব্বাস
দুদকের মামলায় আগাম জামিনের জন্য আজ মঙ্গলবার আদালতে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাস। এদিন হাইকোর্টের একটি বেঞ্চে জামিনের আবেদন শুনানির জন্য ধার্য আছে।
এ ছাড়া রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর দুটি মামলায় গত বুধবার মির্জা আব্বাসের আগাম জামিন প্রশ্নে বিভক্ত আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। এখন তৃতীয় বেঞ্চে এটি নিষ্পত্তির অপেক্ষায় আছে। তবে এখনো এ বেঞ্চটি গঠিত হয়নি।
মির্জা আব্বাসের পারিবারিক সূত্র জানিয়েছে, আদালত যদি আগাম জামিন মঞ্জুর করেন, তাহলে মির্জা আব্বাস আজ থেকেই নির্বাচনী গণসংযোগ শুরু করবেন। আর যদি জামিন না পান, তাহলেও তিনি আর আত্মগোপনে যাবেন না। জামিন না হলে পুলিশ গ্রেপ্তার করতে পারে, সে রকম মানসিক প্রস্তুতি নিয়েই আদালতে যাবেন মির্জা আব্বাস।
অবশ্য এ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাসের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন গতকাল প্রথম আলোকে বলেন, মির্জা আব্বাস নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি নিরাপদ মনে করলে আদালতে যাবেন।
মির্জা আব্বাসের এভাবে আত্মগোপনে থাকাটা ভোটাররা কীভাবে নেবেন—এমন প্রশ্নের জবাবে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস প্রথম আলোকে বলেন, ‘মির্জা আব্বাস আর আত্মগোপনে থাকবেন না। আইন অনুযায়ী যা হওয়ার তাই হবে। আব্বাস যদি কারাগারেও থাকেন, তাহলেও আমাদের নির্বাচনী প্রস্তুতি আছে।’