ফরিদপুরের জেলা ও দায়রা জজ দীপ্রমাণ সরকারের আদালতে গতকাল রোববার চাঁপা রানী ভৌমিক হত্যা মামলার আরও ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তবে গতকাল এই হত্যা মামলার প্রধান আসামি দেবাশীষ সাহা আদালতে হাজির ছিলেন না।গত ২১ জুন হাইকোর্টের একটি বেঞ্চ এই হত্যা মামলার প্রধান আসামি দেবাশীষকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ৪ জুলাই দেবাশীষ ফরিদপুর কারাগার থেকে মুক্তি পান।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, দেবাশীষ ৮ জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের দিন উপস্থিত ছিলেন। তবে গতকাল আদালতে অপর দুই আসামি সঞ্জয় বিশ্বাস ও আলমগীর হোসেন উপস্থিত থাকলেও দেবাশীষ ছিলেন না। প্রধান আসামির অনুপস্থিতির কারণ জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী নারায়ণ চন্দ্র দাস আদালতকে জানান, পেটব্যথার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি দেবাশীষ। তবে বিচারক দীপ্রমাণ সরকার বলেন, এই অজুহাত বিশ্বাসযোগ্য নয়।সূত্রটি আরও জানায়, গতকাল ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল হক, মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম, শিক্ষক ইমদাদুল হক, হত্যাকাণ্ডে ব্যবহূত মোটরসাইকেলটির জব্দকারী মধুখালী থানার তৎকালীন এসআই বিপুল চন্দ্র দে, গোয়েন্দা পুলিশের এসআই শেখ আবু বক্কর এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ও ময়নাতদন্তকারী চিকিৎসক মো. মোজাহারুল ইসলামের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালতে সাক্ষ্য গ্রহণ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলী খসরুজ্জামান এবং আসামিপক্ষের আইনজীবী শাহজাহান মিয়া ও নারায়ণ চন্দ্র দাস। এ সময় আইন ও সালিশ কেন্দ্রের কৌঁসুলী আতাউল্লাহ নূরুল কবির উপস্থিত ছিলেন। মামলার পরবর্তী তারিখ ২৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এই হত্যা মামলার মোট সাক্ষী ২৬ জন। গতকাল পর্যন্ত মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।মেয়েকে যৌন হয়রানি করার প্রতিবাদ করায় ২০১০ সালের ২৬ অক্টোবর চাঁপা রানী ভৌমিককে মোটরসাইকেলে চাপা দিয়ে হত্যা করে বখাটে দেবাশীষ।