জামিন পেয়েছেন সেই প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় প্রকৌশলী এ বি এম সাজ্জাদ হোসেন জামিন পেয়েছেন। গতকাল রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত তাঁকে জামিন দেন।
এ বি এম সাজ্জাদ হোসেন গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাঁর আইনজীবীরা আদালতকে বলেন, এ বি এম সাজ্জাদ হোসেন একজন পুরকৌশল (কাঠামো) প্রকৌশলী। তিনি রানা প্লাজা ভবন নির্মাণ, নকশা অনুমোদন বা এ-সংক্রান্ত কোনো বিষয়ে জড়িত ছিলেন না। রানা প্লাজা ধসের ঘটনায় রাজউকের করা মামলায় সিআইডির তদন্তে বেরিয়ে এসেছে, সাজ্জাদ হোসেন নামের যে সিল ও সই রানা প্লাজার কাঠামো নকশায় রয়েছে, তা ভুয়া। ওই সইয়ের সঙ্গে এই আসামির সই ও নামের মিল নেই। দুদকের দুর্বল তদন্তের কারণে আসামি হিসেবে তাঁর নাম এসেছে।
আইনজীবীরা আদালতকে বলেন, গত ২৩ আগস্ট প্রথম আলোর শেষ পৃষ্ঠায় এ নিয়ে ‘সিআইডি যাঁকে সাক্ষী রেখেছে, দুদক তাঁকে আসামি বানিয়েছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আইনজীবীরা প্রতিবেদনটি আদালতে তুলে ধরেন। পরে আদালত জামিনের আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষেÿশুনানি করেন আইনজীবী মোশাররফ হোসেন। আসামিপক্ষে শুনানি করেন কাজী রেজাউর হোসেন ও হাবিবুর রহমান।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ১০ তলাবিশিষ্ট রানা প্লাজা ধসে পড়ে। এতে সহস্রাধিক লোক নিহত হন, আহত হন আরও কয়েক হাজার। তখন ওই ঘটনায় সাভার থানায় দুটি মামলা হয়। একটি মানুষ হত্যার অভিযোগে, অপরটি ইমারত নির্মাণবিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগে। দুটি মামলারই তদন্ত শেষে চলতি বছরের ১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।
অপর দিকে রানা প্লাজা ধসের প্রায় এক বছর পর ২০১৪ সালের ১৫ জুন বিধিবহির্ভূতভাবে নকশা তৈরি, অনুমোদন, নির্মাণ এবং তাতে পোশাক কারখানা স্থাপনের অভিযোগে সাভার থানায় দুর্নীতির একটি মামলা করে দুদক। এক মাসের মাথায় আদালতে অভিযোগপত্র দেয় তারা।