জামিন পেল সেই কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ মামলায় অভিযুক্ত ১৫ বছরের সেই কিশোরকে জামিনে মুক্তি দিয়েছেন নওগাঁর শিশু আদালত। গতকাল বৃহস্পতিবার নওগাঁর শিশু আদালতের বিচারক জিয়াউর রহমান তার জামিন মঞ্জুর করেন।
এর আগে মামলাটি নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। ওই কিশোরের আইনজীবী মামলাটি শিশু আদালতে স্থানান্তরের জন্য আবেদন করলেও পাঁচ মাস ধরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালেই মামলাটির বিচার হয়ে আসছিল। তার জামিন আবেদনও একাধিকবার নাকচ করা হয়।
এই মামলার সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) মকবুল হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলাটির অভিযোগপত্র জমা দেওয়া হয়েছিল। পরে কিশোর অপরাধ হিসেবে গণ্য করে আদালত মামলাটি শিশু আইনে অভিযোগ গ্রহণ করেন। গতকাল শিশু আদালতে শুনানি শেষে ওই কিশোরকে জামিন দেন বিচারক।
গত ৩০ মে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরের বিচার’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, শিশু আদালত থাকা সত্ত্বেও ১৫ বছরের এক কিশোরের বিচার পাঁচ মাস ধরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হয়ে আসছে।
প্রতিবেদনটি প্রকাশের পর গত মঙ্গলবার ওই কিশোরের মামলাটিসহ শিশু আইনে করা এই ধরনের ২৮টি মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে নওগাঁর শিশু আদালতে স্থানান্তর করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৪ মে সাপাহার উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই কিশোরের বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় ওই বছরের ১৬ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে অভিযুক্তের বয়স ১৫ বছর হওয়ায় মামলাটি শিশু আদালতে পাঠানোর আরজি জানানো হয়।