জামিন পেল সেই ২ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা সেই দুই শিশু সাগর শেখ (১২) ও রবিন আলী (১৬) অবশেষে জামিন পেয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার দুটি আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর মধ্যে সাগরের জামিন দেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লা। আর রবিনের জামিন দেন শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন।
দুই শিশুর আইনজীবীরা প্রথম আলোকে বলেন, জামিনের আদেশ কারাগারে পৌঁছালেই তারা মুক্তি পাবে।
গত ১২ আগস্ট কাফরুল থানার দুটি মাদক মামলায় সাগর ও রবিনকে গ্রেপ্তার করে কাফরুল থানা-পুলিশ। পরদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাগরের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
শিশুকে হাতকড়া পরানো বেআইনি হলেও এই দুই শিশুকে গত ৬ সেপ্টেম্বর হাতকড়া পরিয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নিয়ে যায় পুলিশ। পরদিন এ নিয়ে ‘শিশু রিমান্ডে, হাতে হাতকড়া’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
সাগরের আইনজীবী তৌফিক ফাহমী প্রথম আলোকে বলেন, তিনি প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি গতকাল আদালতের কাছে উপস্থাপন করেন। আদালত সবকিছু বিবেচনা করে তাদের জামিন দিয়েছেন।
আদালতে উপস্থিত ছিলেন সাগরের বড় ভাই শেখ সুমন। জামিন আদেশের পর তিনি প্রথম আলোকে বলেন, তাঁর ভাই পঞ্চম শ্রেণির ছাত্র। সে নিরপরাধ। শত্রুতাবশত স্থানীয় দুই ব্যক্তি তাকে মাদক মামলায় ফাঁসিয়েছে।
রবিনের আইনজীবী আবদুল আওয়াল বলেন, এর আগে মহানগর হাকিম আদালতে একাধিকবার রবিনের আবেদন করেও জামিন মেলেনি। গতকাল শিশু আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
আদালতে হাজির ছিলেন রবিনের মা আকলিমা খাতুন। তিনি ছেলের জামিন হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে নিরপরাধ। সে মিরপুর আলী হোসেন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
দুই শিশুর আইনজীবীরা জানান, জন্মসনদ অনুযায়ী রবিনের বয়স সাড়ে ১৬ বছর। কিন্তু পুলিশ মামলার এজাহারে তার বয়স উল্লেখ করেছে ১৯ বছর। আর সাগরের প্রকৃত বয়স ১২ বছর, পুলিশ এজাহারে দেখিয়েছে ১৫ বছর।

আরও  পড়ুন..