জামিন পেল 'ছিনতাইকারী' অভিযোগে গ্রেপ্তার চার শিশু
মোবাইল ছিনতাইয়ের মামলায় ৯ মে গ্রেপ্তার হওয়া চার শিশুর জামিন মঞ্জুর করেছেন ঢাকার শিশু আদালত। আজ মঙ্গলবার তাঁদের জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁদের স্বজনেরা।
আজ ঢাকার শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন জামিন মঞ্জুর করেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী কাজী মো. নূরে আলম। তিনি বলেন, শিশুদের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ জামিন দিয়েছেন। শিশুদের জামিন আদেশের পর তাদের আত্মীয়স্বজনেরা বলেন, জামিন পাওয়ায় তাঁরা খুশি।
এই চারজনের মধ্যে ১৩ বছর বয়সী ইমন আহম্মেদ ও ১৬ বছর বয়সী ইয়াসিন আরাফাত আপন দুই ভাই। এরা দুজন ফরিদপুরের বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। ইমন সপ্তম শ্রেণিতে পড়ে। আরাফাত পড়ে নবম শ্রেণিতে। তাদের চাচাতো ভাই হাবিবুর রহমানের সঙ্গে গত সোমবার ফরিদপুর থেকে ঢাকায় বেড়াতে আসে তারা। ঢাকায় গুলশানে হাবিবুরদের বাসায় ওঠে। ওই দিন বিকেলে তারা গুলশান লেকে ঘুরতে যায়। তাদের সঙ্গে ছিল হাবিবুর ও খন্দকার হিরা (জাবেদ হোসেন)। হাবিব ও জাবেদ গুলশান মডেল স্কুলের ছাত্র। হাবিব দশম শ্রেণিতে পড়ে। জাবেদ এসএসসি পরীক্ষা দিয়েছে।