জামিন পেলেও ফের গ্রেপ্তার সালাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিন পেয়ে বের হওয়ার সময় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে কারাফটক থেকে আবার গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারের পরপরই সাবেক এই মন্ত্রীকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিএমপি উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে, এ ব্যাপারে তিনি কিছু জানাননি।
গত ৮ এপ্রিল গুলশানে বিএনপির নেতা মোরশেদ খানের বাসা থেকে বের হওয়ার সময় সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছিল। ককটেল বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানায় দায়ের করা কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে এসব মামলায় জামিন পান তিনি। আজ কারাগারে তাঁর জামিনের কাগজপত্র পৌঁছালে তিনি বের হয়ে আসেন। কিন্তু কারাগারের ফটক থেকে তাঁকে আবার গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।