প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চেক প্রত্যাখ্যানের অভিযোগে করা মামলায় অভিনেতা মনির খান শিমুল জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভূঁইয়ার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মনির খানের আইনজীবী মিনহাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, চেক প্রত্যাখ্যানের মামলায় মনির খানের বিরুদ্ধে আদালত সমন জারি করেছিলেন। ধার্য দিনে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
গত ১১ নভেম্বর চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে দুই লাখ টাকার চেক প্রত্যাখ্যানের অভিযোগে মনির খানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম ক্লাবের কর্মকর্তা এম আরিফুর রশিদ। অভিযোগ আমলে নিয়ে আদালত মনির খানের বিরুদ্ধে সমন জারি করেন। তবে মামলা দায়েরের পর এ অভিযোগ অস্বীকার করেছেন মনির খান।