জামিন পেলেন ইকবাল হাসান মাহমুদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান। তাঁর আইনজীবী ইন্দ্রজিৎ সাহা এ কথা জানিয়েছেন।
২০১০ সালে সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা সাতটি মামলায় গত ১০ এপ্রিল সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ইকবাল হাসান মাহমুদ। পরে বিচারক জাফরোল হাসান জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে তাঁকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। ১১ এপ্রিল সকালে জেলা কারাগার থেকে তাঁকে ঢাকার কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে ভর্তি করা হয়।