জামিন পেলেন গোলক বিশ্বাস
অবশেষে জামিনের আবেদন মঞ্জুর হওয়ায় জামিন পেয়েছেন গোলক চন্দ্র বিশ্বাস (৫৫)।
কাশিমপুর কারাগারে আটক গোলক বিশ্বাসের পক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহায়তায় গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করা হয়। মহানগর হাকিম মেহের নিগার সূচনা শুনানি শেষে গোলককে জামিনে মুক্তির আদেশ দেন।
রাজধানীর মোহাম্মদপুর থেকে গত ২৯ মার্চ একটি চুরির মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গোলক বিশ্বাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। এই মামলার গ্রেপ্তার করা অন্য পাঁচ আসামি আগেই জামিন পেয়েছেন। গোলক গরিব হওয়ায় আইনজীবী নিয়োগ করতে না পারায় জামিনের আবেদন করতে পারছিলেন না।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গত রোববার কাশিমপুর কারাগার পরিদর্শনে গেলে তাঁকে নিজের কথা জানান গোলক বিশ্বাস। পরে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়কে কারা পরিদর্শনের সময় পাওয়া অভিযোগের বিষয়ে খোঁজ নিতে কিছু নির্দেশনা দেন। এই নির্দেশনার আলোকে রেজিস্ট্রার কার্যালয় থেকে গোলক বিশ্বাসের মামলার বিষয়ে মুখ্য মহানগর হাকিম আদালতকে খোঁজ নিতে বলা হয়। এতে জানা যায়, তিনি গরিব হওয়ায় আইনজীবী নিয়োগ দিয়ে জামিনের আবেদন করতে পারেননি। তাই তাঁকে আইনি সহায়তা দিতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে বলা হয়।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘অবশেষে আইনি সহায়তা পাচ্ছেন গোলক বিশ্বাস’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ঢাকার জেলার আইনি কর্মকর্তা সাব্বির মাহমুদ চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, সংস্থার পক্ষ থেকে গোলকের জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেছেন। তাই তাঁর কারামুক্তিতে বাধা নেই।