জামিন পেলেন গয়েশ্বর ও শমসের মবিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা পৃথক তিন মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে তাঁদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপির এই দুই নেতা জামিনে থাকবেন।
রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে গত ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার হাজিরা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় চকবাজার ও শাহবাগ থানায় দুটি মামলা করে পুলিশ। ওই দুই মামলায় কারাগারে আছেন শমসের মবিন। গতকাল তাঁর পক্ষে আদালতে জামিনের আবেদনের শুনানি করেন আইনজীবী মাসুদ রানা। পরে তিনি সাংবাদিকদের জানান, আদালত জামিন মঞ্জুর করায় শমসের মবিনের কারামুক্তিতে আর আইনগত বাধা নেই।
এদিকে নাশকতার অভিযোগে তুরাগ থানায় করা এক মামলায় গতকাল একই আদালতে জামিনের আবেদন করেন গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। শুনানি শেষে আদালত গয়েশ্বরের জামিন মঞ্জুর করেন। তবে গয়েশ্বরের বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।