জামিন পেলেন সেই তিন চিকিৎসকের একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের সময় এক কিশোরের পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক। তাঁর নাম রানা চৌধুরী। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার।

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, পাঁচ হাজার টাকার বন্ডে আইনজীবীর জিম্মায় ডা. রানা চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে তা তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত।

অবহেলায় রোগীর মৃত্যু ও অস্ত্রোপচারের সময় রোগীর পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার পৃথক অভিযোগে চট্টগ্রামে তিন চিকিৎসকের বিরুদ্ধে ১৯ জানুয়ারি আদালতে দুটি মামলা হয়। মামলা হওয়ায় গত বুধবার থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রাখেন চিকিৎসকেরা। গতকাল দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুরোধে এক সমাবেশে ঘোষণা দিয়ে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন তাঁরা।

১৯ জানুয়ারি অস্ত্রোপচারের সময় আনোয়ারা উপজেলার নুরু আবছার (১৭) নামের এক কিশোরের পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার অভিযোগে তার বাবা গাড়িচালক জেবল হোসেন আদালতে মামলা করেন। মামলায় রানা চৌধুরীকে আসামি করা হয়। আদালত পাঁচলাইশ থানা-পুলিশকে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

মামলার আরজিতে বলা হয়, গত বছরের ৬ নভেম্বর তাঁর ছেলেকে ওই চিকিৎসকের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করেন। অস্ত্রোপচার করা হলেও পেটে ব্যথা হতে থাকে। ওই চিকিৎসকের পরামর্শে আবারও অস্ত্রোপচার করা হয়। তারপরও পেটে ব্যথা থাকে। পরে বেসরকারি কয়েকটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হলে জানানো হয়, তাঁর ছেলের পেটের ভেতর ব্যান্ডেজ রয়ে গেছে। অস্ত্রোপচারের সময় তা পেট থেকে বের করা হয়নি।

অভিযোগ প্রসঙ্গে চিকিৎসক রানা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমি সংশ্লিষ্ট নই। আমাদের ওয়ার্ডের জ্যেষ্ঠ চিকিৎসকেরা এই অস্ত্রোপচার করেন।’ তিনি বলেন, ‘হার্নিয়া অস্ত্রোপচারের সময় ভেতরে একটি সুরক্ষিত জাল দেওয়া হয়, যাতে একই ধরনের সমস্যা আর না হয়। ইনফেকশন হওয়ায় ওই জালটি বের হয়ে আসে। ওটা ব্যান্ডেজ নয়। ওই রোগী আমাদের কাছে আসার পর আমরা আবার অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলাম।’

আরও পড়ুন: