জামিন পেলেন চেয়ারম্যান, ওসিকে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মনিরুজ্জামান স্থানীয় এক শিক্ষককে পিটিয়ে জখম করার মামলায় ১৬ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
গতকাল সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক ওই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
গতকাল দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান ওরফে মিন্টু এবং অন্য দুই আসামি বরগুনার আমতলী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজন্তি বিশ্বাসের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক ২৬ আগস্ট পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
একই সঙ্গে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে মামলার এজাহারে গরমিল করার অভিযোগে বিচারক তাঁকে আজ মঙ্গলবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকটি সংবাদপত্রে এ ঘটনায় প্রতিবেদন প্রকাশের পর উচ্চ আদালতে আইনজীবী ইসতিয়াক আহম্মেদ একটি রিট আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ ৩ আগস্ট এক আদেশে বরগুনা জেলা পুলিশ সুপার তালতলী থানার ওসিকে তাৎক্ষণিক অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রেকর্ড করার নির্দেশ দেন। একই সঙ্গে শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শিক্ষকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে এসব কার্যক্রমের অগ্রগতি
সম্পর্কে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন আদালতে জমা দিতে বলেন। সেই সঙ্গে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জমানের ক্ষমতার অপব্যবহার ও গুরুতর অসদাচরণের বিষয় তদন্ত সাপেক্ষে ছয় সপ্তাহের মধ্যে আদালতকে অবহিত করে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, বাদীর পক্ষে মানবাধিকার কমিশনের নিযুক্ত আইনজীবী মোস্তফা কাদের আদালতে অভিযোগ করেন, গত বৃহস্পতিবার উচ্চ আদালতের নির্দেশ পেয়ে তালতলী থানার ওসি বাবুল আকতার বাদীকে ডেকে নিয়ে উপজেলা চেয়ারম্যানসহ তিনজনকে আসামি করে মামলা করান। কিন্তু সেখানে তাঁর কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবির বিষয়টি ওসি মামলার এজাহারে উল্লেখ করেননি। উদ্দেশ্যমূলকভাবে এবং আসামিদের অনৈতিক সুবিধা দেওয়ার জন্য ওসি এটা করেছেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগ সম্পর্কে ওসি গতকাল বলেন, ‘আদালতের আদেশের কথা আমি শুনেছি। আদালতে হাজির হয়ে আমি জবাব দিয়ে আসব।’
২৩ জুলাই যুবলীগ নেতা মনিরুজ্জামান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুন্দর আলী গাজীকে জনসমক্ষে পিটিয়ে জখম করেন। পরে সাদা স্ট্যাম্পে জোর করে তাঁর সই নেন। জমি দখলে ওই নেতাকে বাধা দেওয়ার কারণে তাঁর ওপর এ নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন ওই শিক্ষক।
এ নিয়ে প্রথম আলোয় গত ২৫ জুলাই ‘প্রকাশ্যে শিক্ষককে পেটালেন উপজেলা চেয়ারম্যান’ ও ২৯ জুলাই ‘ভয়ে এলাকাছাড়া সেই শিক্ষকসহ দুজন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।