জামিন পেলেন ছাত্রমৈত্রী নেতা দিলীপ

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় ফেসবুকে মন্তব্যের জেরে ৫৭ ধারায় গ্রেপ্তারকৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিলীপ রায়কে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। দিলীপ রায় বিপ্লবী ছাত্রমৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।
দিলীপ রায়ের পক্ষে জামিন আবেদনকারী আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘প্রায় দুই মাস আগে জামিন আবেদন করা হয়েছিল। মামলাটি কার্যতালিকায় শেষের দিকে ছিল। সোমবার বিকেলে জামিন আবেদনের ওপর শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করা হয়।’
সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বিষয়ে গত ২৮ আগস্ট ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে মন্তব্য করেন দিলীপ রায়। এরপর দিলীপ রায়কে আটক করে পুলিশ। আটকের পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রঞ্জু দিলীপ রায়ের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। পরদিন দিলীপকে ওই মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।