জামিন পেলেন জাপার প্রার্থী
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী অগ্নিসংযোগের একটি ঘটনায় দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন। গতকাল বুধবার লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত তাঁকে জামিন দেন।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে উপজেলার আলেকজান্ডার ইউপির সাবেক সদস্য ছোলায়মান হাওলাদারের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় আজাদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের নেতা আবু নাছেরসহ ৮৪ জনকে আসামি করে রামগতি থানায় মামলা হয়।
আজাদ উদ্দিনের আইনজীবী রহমত উল্যাহ জানান, গত রোববার আজাদ উদ্দিন চৌধুরী ও আবু নাছের ওই মামলায় জামিন আবেদন করলে লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদালত গতকাল তাঁদের জামিন দেন।
আজাদ উদ্দিন চৌধুরী তাঁর হলফনামায় ৭৫টি মামলার তথ্য দিয়েছেন। এর মধ্যে ৬৬টি মামলায় তিনি খালাস পেয়েছেন।