জামিন পেলেন জয়নাল হাজারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থ পাচার মামলায় ফেনী-২ আসনের সাবেক সাংসদ জয়নাল আবেদীন হাজারীকে ৪০ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছেন নোয়াখালীর বিশেষ জজ আদালত। জয়নাল হাজারী গতকাল বৃহস্পতিবার বিশেষ জজ শিরিন কবিতা আক্তারের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৯ জুন মামলার নির্দিষ্ট তারিখে জয়নাল হাজারীসহ মামলার চার আসামি আদালতে অনুপস্থিত থাকায় বিচারক তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ২৫ জুন জয়নাল হাজারী ছাড়া বাকি তিন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন নেন। জয়নাল হাজারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কপি গত বুধবার ফেনী সদর থানায় পৌঁছে। গতকাল বেলা ১১টার দিকে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে ৪০ হাজার টাকার বন্ডের বিনিময়ে আসামির জামিন মঞ্জুর করেন।
শুনানিকালে সরকারপক্ষে মামলা পরিচালনা করেন নোয়াখালী বিশেষ জজ আদালতের আইন কর্মকর্তা কাজী এ বি এম শাহজাহান শাহীন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাহজাহান সাজু, এ কে এম শামছুল ইসলাম, মো. শামছুদ্দীন ও তারেকুল ইসলাম।
২০০৩ সালের ১৮ মার্চ তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক মো. আবদুল হক বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২-এর ১৩ ধারায় ফেনী সদর থানায় জয়নাল হাজারী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফেনী শাখার তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন।