অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে করা দুদকের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদসহ পাঁচজন জামিন পেয়েছেন।এ ধরনের মামলায় হাকিম আদালত থেকে জামিন দেওয়ার ঘটনাকে আইনজীবীরা অবিশ্বাস্য বলেছেন। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ জামিনে মুক্তির আদেশ দেন। জামিনপ্রাপ্ত অন্যরা হলেন: ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক সাঈদ-উর-রহমান।আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ আদালতকে বলেন, এই মামলায় আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। কর্মচারীদের বেতন-ভাতা, কমিশন খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম করা হয়নি।অপর আইনজীবী দুদকের সাবেক কৌঁসুলি এহসানুল হক বলেন, যে অভিযোগে মামলা করা হয়েছে, সমবায় সংস্থা ওই বিষয়ে কোনো অভিযোগ আনেনি। দুদকের আইনজীবী কবীর হোসাইন জামিনের বিরোধিতা করে আদালতকে বলেন, এই আদালতে জামিন চাওয়ার কোনো সুযোগ নেই। এ মামলা আমলে নেওয়ার ক্ষমতা এবং বিচারিক আদালত হচ্ছেন বিশেষ জজ আদালত। তাই আসামিদের জামিন আবেদন নথিভুক্ত করে তাঁদের কারাগারে পাঠানোর আবেদন করেন। দুদকের অপর আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ডেসটিনি প্রতারণার মাধ্যমে সমাজের সহজ-সরল দরিদ্র মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। আসামিরা প্রভাবশালী ব্যক্তি, জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে প্রভাব সৃষ্টি করতে পারেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।দুদকের আইনজীবী কবীর হোসাইন বলেন, ‘এই আইনের অধীন অপরাধসমূহ আমলযোগ্য, আপসযোগ্য ও জামিনযোগ্য নয়। তা ছাড়া এ ধরনের মামলার বিচারকাজ পরিচালনার জন্য বিশেষ জজ আদালত রয়েছে। আইনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি বা অন্য কোনো আইনে যা-ই থাকুক না কেন, দুদকের কমিশনারের আবেদন ছাড়া আদালত মামলা গ্রহণ করতে পারবেন না। সেখানে হাকিম আদালত কীভাবে জামিন দিলেন, তা বোধগম্য নয়।’অপর আইনজীবী রফিকুল ইসলাম বলেন, জামিন আবেদনের বিষয়ে শেষ মুহূর্তে তাঁরা জেনেছেন। এভাবে জামিন দেওয়া হলে আদালত মানুষের আস্থা হারাবেন। তবে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।গতকাল দুদকের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আবদুর রশিদ সাংবাদিকদের জানান, তাঁর দপ্তরে জামিনের আবেদন করা হয়নি। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বেলা ১১টার দিকে এ আবেদন করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে আইনজীবীদের নিয়ে আসামিরা আদালতে হাজির হন। গত মঙ্গলবার কলাবাগান থানায় রফিকুল আমীন, হারুন-অর-রশিদসহ ডেসটিনির ২২ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুটি মামলা করে দুদক। মামলায় বলা হয়, সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।