জামিন পেলেন তাজরীনের দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন কারাগারে যাওয়ার এক দিনের মধ্যে জামিন পেয়েছেন। আজ সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। প্রতারণার একটি মামলায় গতকাল রোববার তাঁকে কারাগারে পাঠান আদালত।

আসামির আইনজীবী জাফর ইকবাল জানান, বাদীর পাওনা টাকাগুলো পরিশোধের জন্য চেক দেওয়া হয়েছে। জামিনে বাদী কোনো আপত্তি জানাননি। বাদীর আপত্তি না থাকায় ও জামিনযোগ্য ধারা হওয়ায় শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
বাদীর আইনজীবী জানান, আসামির জামিন হলেও মামলা চলবে। চেকের মাধ্যমে টাকাগুলো পরিশোধ হওয়ার পর মামলা তুলে নেওয়া হবে।

আদালত সূত্রে জানা গেছে, একটি প্রতারণা মামলায় গতকাল রোববার দেলোয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। নগরের কেডিএস গ্রুপের কেডিএস এক্সেসরিজ লিমিটেডের কাছ থেকে ২০১০-১১ সালে ৪৪ লাখ ৪৩ হাজার ৭২০ টাকার মালামাল ক্রয় করেন তাজরীন ফ্যাশনসের মালিক। টাকাগুলো পরিশোধ না করায় গত বছরের ২২ নভেম্বর কেডিএস গ্রুপের পক্ষে শিমুল সেন বাদী হয়ে দেলোয়ার হোসেনকে আসামি করে ৪০৬ ও ৪২০ ধারায় একটি প্রতারণা মামলা করেন আদালতে।
২০১২ সালের ২৪ নভেম্বর ঢাকার আশুলিয়া নিশ্চিন্তপুরে দেলোয়ারের মালিকানাধীন তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত ও ২০০ জন আহত হন।