জামিন পেলেন দুই আসামি, মামলা যায়নি শিশু আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় আলোচিত দুই শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলাটি শিশু আদালতে পাঠানো হয়নি। এই ফাঁকে গত সোমবার বিকেলে জামিন পেয়ে গেছেন দুই আসামি।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত শিশু নির্যাতনের কোনো মামলা হলে সংশ্লিষ্ট থানার কোর্ট জিআরও (জেনারেল রেজিস্ট্রার অফিসার) তা শিশু আদালতে পাঠিয়ে থাকেন। থানায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁরা এই কাজ করে থাকেন। কিন্তু ওই দুই শিশু নির্যাতনের মামলাটি শিশু আদালতে না পাঠিয়ে পুলিশ ফাইল হিসেবে জ্যেষ্ঠ বিচারিক হাকিম-১-এর আদালতে পাঠানো হয়েছে। বিচারক মামলাটি সাধারণ মামলা হিসেবে আমলে নেন। এই সুযোগে গ্রেপ্তার হওয়া আসামি আজিজুল ইসলামের আইনজীবী গত সোমবার বিকেলে তাঁর জামিনের আবেদন করেন। একই সঙ্গে আজিজুলের ছেলে উজ্জ্বলের এইচএসসি পরীক্ষার ‘গ্রাউন্ড’ দেখিয়ে জামিন আবেদন করা হয়। বিচারক একরামুল কবির তাঁদের জামিন মঞ্জুর করেন।
সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) রাশেদ উন নবী আহসান প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার একই মামলায় আরও সাতজন আসামির জামিনের আবেদন করা হয়। এটা দেখে বিচারকের সন্দেহ হয়। পরে তিনি নির্যাতিতদের বয়স দেখে মামলাটি শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেন। শিশু আদালতে এ মামলা জামিনযোগ্য না হওয়ায় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন প্রত্যাহার করে নেন এবং আসামিরা আদালত চত্বর থেকে সরে যান।
এ বিষয়ে জানতে চাইলে পবা থানার কোর্ট জিআরও সাইফুল ইসলাম বলেন, তিনি গত শনিবারে এই পদে যোগদান করেছেন। সোমবার বিকেলে তিনি আগের জিআরওর ‘প্রসেস’ করা নথি হাতে পেয়েছেন। সেভাবে তিনি তা আদালতে উপস্থাপন করেছেন। মামলায় সাধারণ জখম ও হত্যাচেষ্টার ধারা ছিল। বিচারক মনে করলে এ ধারায় জামিন দিতে পারেন। তিনি বলেন, আজ মঙ্গলবার (গতকাল) মামলাটি শিশু আদালতের জিআরওর কাছে পাঠানো হয়েছে।
আগের জিআরও বজলুর রহমানকে চারঘাট থানায় বদলি করা হয়েছে বলে জানান সাইফুল ইসলাম। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গতকাল পবা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, নির্যাতনের শিকার শিশু জাহিদ হাসান ও ইমন আলীকে পাশাপাশি শয্যায় রাখা হয়েছে। জাহিদের পাশে রয়েছেন তার মা শিউলী বেগম। তিনি বলেন, লোকমুখে তিনি শুনছেন, আসামিরা তাঁর স্বামীকে একা পেলে হত্যা করে লাশ গোপন করে ফেলবে বলে হুমকি দিয়ে বেড়াচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিজাউল হক চৌধুরী বলেন, নির্যাতনের শিকার ওই দুই শিশুর হাঁটতে আরও কয়েক দিন সময় লাগবে।
এদিকে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগসারা এলাকায় জাহিদ ও ইমনের সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
মুঠোফোন চুরির অভিযোগে গত শুক্রবার পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামের একটি বাড়িতে স্থানীয় বাগসারা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদ হাসান ও ইমন আলীকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনের ওই দৃশ্যের ভিডিও চিত্র ধারণ করা হয়। এ ঘটনায় জাহিদ হাসানের বাবা বাদী হয়ে বগুড়া সেনানিবাসে কর্মরত সেনাসদস্য নাসির উদ্দিন, র্যাবের সদস্য (পুলিশ কনস্টেবল) সাগরসহ ১৩ জনকে আসামি করে পবা থানায় মামলা করেন। ওই দিন আসামি আজিজুলকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, ওই সেনা ও র্যাব সদস্য ছুটিতে বাড়ি এসেছিলেন।