জামিন পেলেন দুই ব্লগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে বিভিন্ন ব্লগে ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তির অভিযোগে করা মামলায় দুই ব্লগার রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভকে জামিন দিয়েছেন আদালত। একই আদালত পৃথক মামলায় আসিফ মহিউদ্দিনের জামিনের আবেদন নাকচ করে দেন।গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ আদেশ দেন। অপর এক আসামি মশিউর রহমানের জামিনের আবেদন উপস্থাপন না করায় আদালত তাঁকেও জামিন দেননি।গত ১৭ এপ্রিল ডিবি পুলিশ ব্লগার আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে একটি এবং আরেকটি মামলায় ব্লগার পারভেজসহ তিনজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে প্রসিকিউশন দেয়। গতকাল আসামিদের পক্ষে জামিনের আবেদন এবং আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন গ্রহণ করা হবে কি না, এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। আদালত আগামী ২ জুন এই প্রসিকিউশন গ্রহণের বিষয়ে শুনানির নতুন তারিখ ধার্য করেছেন।আদালতের আদেশে বলা হয়, আসামিপক্ষ দাবি করেছে যে তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কাউকে সরাসরি গ্রেপ্তার করার সুযোগ নেই। আসামি পারভেজ একজন শিক্ষক এবং সুব্রত অধিকারী একজন ছাত্র। এই আসামিদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ আইনে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।১ এপ্রিল মশিউর, রাসেল ও সুব্রতকে আটক করা হয়েছিল। ৩ এপ্রিল আসিফ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।গত ১৪ জানুয়ারি উত্তরার নিজ কর্মস্থলের সামনে ব্লগার আসিফ মহিউদ্দিন হামলার শিকার হন। তাঁকে ছুরিকাঘাত করা হয়। এর এক মাস পর ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর পলাশনগরের নিজ বাসার সামনে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।