জামিন পেলেন দুই সাঁওতাল
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার দুই সাঁওতাল আজ বৃহস্পতিবার জামিন পেয়েছেন। তাঁরা হলেন কিসকু ও চরণ সরেন।
আজ বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে গোবিন্দগঞ্জ বিচারিক হাকিম আদালতে এই দুজনের জামিনের আবেদন জানানো হয়। প্রতিষ্ঠানটির গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আনিস মোস্তফা বলেন, বিচারক এ এস এম তাসকিনুল হক তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন।
৬ নভেম্বর রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় ওই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন। সংঘর্ষের রাতে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় কিসকু ও চরণ সরেনকে গ্রেপ্তার করে। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে হাতকড়া লাগানো অবস্থায় চিকিৎসা দেওয়া হয়। পরে গত সোমবার হাইকোর্টের নির্দেশে হাতকড়া খুলে দেওয়া হয়। গত মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁদের কারাগারে পাঠানো হয়।
শুধু পুলিশের ওপর হামলার ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় ঘটনার রাতে ৪২ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করা হয়।
আরও পড়ুন: