জামিন পেলেন নারী উদ্যোক্তা জান্নাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন তরুণ নারী উদ্যোক্তা ও বিশ্ববিদ্যালয়ছাত্রী জান্নাতি হোসেন। বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার জান্নাতির জামিন প্রশ্নে রুল মঞ্জুর করেন।

প্রায় আট মাস ধরে কারাগারে থাকা জান্নাতির পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার। তাঁকে সহায়তা করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। পরে জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, হাইকোর্ট রুল মঞ্জুর করে নিয়মিত জামিন দিয়েছেন। ফলে জান্নাতির কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

গত বছরের ১১ জুলাই দিবাগত রাতে গাড়িতে বন্ধু মোস্তামসিরসহ উত্তরা থেকে ধানমন্ডি যাচ্ছিলেন জান্নাতি। গাড়ি চালাচ্ছিলেন জান্নাতি নিজেই। গাড়িটি মহাখালী ফ্লাইওভার থেকে জাহাঙ্গীর গেটের দিকে নামার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির বাঁ পাশ বিচূর্ণ হয়ে ভেতরে ঢুকে যায়। এতে মারা যান মোস্তামসির।

বেপরোয়া গাড়ি চালানো ও দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগ এনে জান্নাতির বিরুদ্ধে মামলা করে তেজগাঁও থানার পুলিশ। সেই মামলায় ঘটনাস্থল থেকে জান্নাতিকে গ্রেপ্তারও করা হয়। ওই দিন থেকে জান্নাতি কারাগারে আছেন।

ঘটনার ১০ দিন পরে ২১ জুলাই মোস্তামসিরের চাচা আওয়ামী লীগের নেতা আবদুল হান্নান বাদী হয়ে জান্নাতি, তাঁর ছোট ভাই জুবায়ের (২১), জুনায়েদ (১৯), তাঁর বাবা দেলোয়ার হোসেন ও জান্নাতির হবু বর রেমন সিদ্দিকীকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন।