জামিন পেলেন নারী উদ্যোক্তা জান্নাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন তরুণ নারী উদ্যোক্তা ও বিশ্ববিদ্যালয় ছাত্রী জান্নাতি হোসেন। বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার জান্নাতির জামিন প্রশ্নে রুল মঞ্জুর (অ্যাবসলিউট) করেন।
আদালতে জান্নাতির পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার। পরে বাসেত মজুমদার প্রথম আলোকে বলেন, জান্নাতি প্রায় আট মাস ধরে কারাগারে আছেন। আদালত নিয়মিত জামিন দিয়েছেন। ফলে জান্নাতির কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
গত বছরের ১১ জুলাই গাড়িতে বন্ধু মোস্তামসিরসহ উত্তরা থেকে ধানমন্ডি যাচ্ছিলেন জান্নাতি। গাড়ি চালাচ্ছিলেন জান্নাতি নিজেই। গাড়িটি মহাখালী ফ্লাইওভার থেকে জাহাঙ্গীর গেটের দিকে নামার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির বাঁ পাশ বিচূর্ণ হয়ে ভেতরে ঢুকে যায়। এতে মারা যান মোস্তামসির।