জামিন পেলেন প্রথম আলোর মাগুরা প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানি ও চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কবির হোসেন ও চ্যানেল নাইনের প্রতিনিধি হেলাল হোসেন। গতকাল মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের হাকিম ফারাহ মামুন তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।
ওই আদালতে ১৫ সেপ্টেম্বর মামলাটি করেছিলেন জিটিভির স্থানীয় প্রতিনিধি মো. আরাফাত হোসেন। হেলাল একই সঙ্গে প্রথম আলোর মাগুরা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও মামলার আইনজীবী সূত্রে জানা যায়, মাগুরা মুক্তিযোদ্ধা সংসদ গত ৩০ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরে শোকর্যালি ও আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। ওই দিন বেলা ১১টার দিকে শহরের এজি একাডেমির সামনে হেলাল পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সেখানে জিটিভির প্রতিনিধি আরাফাত হোসেন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই ঘটনার প্রায় আধা ঘণ্টা পর আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে আরাফাত ও ছয়-সাতজন সন্ত্রাসী মিলনায়তনের পাশে ডেকে নিয়ে হেলালের ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন হেলালকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। হেলাল ঘটনাটি দুজন জ্যেষ্ঠ সাংবাদিককে জানিয়েও প্রতিকার পাননি। ১ সেপ্টেম্বর তিনি আরাফাত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন। ওই মামলা দায়েরের পর ৩ সেপ্টেম্বর ‘বন্ধুসভার সাংগঠনিক সম্পাদকের ওপর হামলার ঘটনায় মামলা’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়। ওই সংবাদ প্রকাশের প্রায় দুই সপ্তাহ পর ১৫ সেপ্টেম্বর আরাফত হোসেন বাদী হয়ে কবির হোসেন ও হেলালের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির মামলা করেন।
প্রথম আলোর প্রতিনিধির পক্ষে জামিন আবেদনে শুনানি করেন আইনজীবী মনির হোসেন বাবলু। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী আবদুর রশীদ, সাখাওয়াত হোসেন, আবু নঈম মিলন, মো. আলাউদ্দিন, শাহেদ হাসান, মাহবুবুল আকবর, রাশেদ মাহমুদ, শাখারুল ইসলাম, মিজানুর রহমান ও সিরাজুদ্দিন মিহির।