জামিন পেলেন বিএনপির নেতা মীর নাছির
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার বেলা একটা ৫০ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
নগরের চকবাজার থানার একটি বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় উচ্চ আদালত থেকে কয়েক দিন আগে জামিন পেয়েছেন মীর নাছির। গতকাল মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই জামিননামা উপস্থাপন করা হলে মীর নাছিরকে জামিনের আদেশ দেন বিচারক।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল কাদের প্রথম আলোকে বলেন, মীর নাছিরের বিরুদ্ধে হওয়া একটি বিস্ফোরক মামলায় আদালত থেকে জামিননামা এলে আজ দুপুরে তাঁকে মুক্তি দেওয়া হয়।
মীর নাছিরের আইনজীবী আবদুস সাত্তার বলেন, মীর নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে দুটি মামলায় তিনি নিম্ন আদালত থেকে জামিনে ছিলেন। চকবাজার থানার একটি বিস্ফোরক মামলায় উচ্চ আদালত থেকে কয়েক দিন আগে তিনি জামিন পান। পরে ওই জামিননামা মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থাপন করা হলে তাঁকে মুক্তির আদেশ দেন আদালত।
গত ২৮ নভেম্বর মীর নাছিরকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নগরের কোতোয়ালি, খুলশী ও চকবাজার থানার তিনটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়।