জামিন পেলেন বিএনপির সেই পাঁচ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল হামলার মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা। আজ রোববার বগুড়ার জেলা দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হাফিজুর রহমান আসামিদের জামিনের আবেদন মঞ্জুর করেন।

জামিন পাওয়া পাঁচ নেতা হলেন: বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম, ছাত্রদলের সহসভাপতি হাসানুজ্জামান পলাশ এবং জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু জাকির মো. মিঠু। তবে হাসানুজ্জামানের বিরুদ্ধে অন্য মামলা থাকায় তিনি মুক্তি পাননি।

ওই পাঁচ নেতার মুক্তির দাবিতে ২৪ ডিসেম্বর থেকে ‘বগুড়া অচল’ কর্মসূচি ঘোষণার পাশাপাশি গতকাল শনিবার জেলায় আধা বেলা হরতাল পালন করেছে বিএনপি।

এদিকে জামিন পাওয়ার আগে নেতাদের মুক্তির দাবিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা শহরের নওয়াববাড়ি সড়কের কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করেন। তবে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

জেলা বিএনপির কয়েকজন নেতা-কর্মী জানান, গত ৩ সেপ্টেম্বর শহরের সাতমাথায় বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ককটেল হামলার ঘটনায় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান। ১১ ডিসেম্বর ওই পাঁচ নেতা বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন পাঁচ নেতার জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচ নেতা মুক্ত হওয়ায় ২৪ ডিসেম্বর থেকে বগুড়া অচলের যে কর্মসূচি দেওয়া হয়েছিল তা আর প্রয়োজন হবে না।