জামিন পেলেন মহিউদ্দিন চৌধুরী
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী দুর্নীতির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। নগরের ডবলমুরিং থানার একটি মামলায় সোমবার মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিলেন ওই আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, নগরের ডবলমুরিং থানায় দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের একটি দুর্নীতির মামলায় মহিউদ্দিন চৌধুরী আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানিতে অংশ নেওয়া মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ জানান, মহিউদ্দিন চৌধুরী আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তিনি হার্টের রোগী। কমিউনিকেশন গ্যাপের কারণে হাজিরার দিন জানতে পারেননি। জামিন পেলে তিনি গরহাজির থাকবেন না। শুনানিতে আদালতে বিষয়গুলো উপস্থাপন করেন আইনজীবীরা।
এ সময় আদালত দুদকের পিপির মতামত জানতে চাইলে তিনিও বলেন, মহিউদ্দিন চৌধুরী একজন সম্মানিত ব্যক্তি। এ মামলায় আগেও তিনি জামিনে ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ২৮ লাখ ২৯ হাজার ২৬৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং এক লাখ ২৩ হাজার ৪৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক চট্টগ্রামের তৎকালীন উপপরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। পরের বছরের ২০ নভেম্বর দুদকের উপপরিচালক মোজাম্মেল হোসেন খান মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন আদালতে।
২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটির সাক্ষ্য গ্রহণ চলাকালে মহিউদ্দিন চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। গত বছরের ২৭ নভেম্বর আদালত এ স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন। জামিনে থাকা মহিউদ্দিন চৌধুরীকে নিম্ন আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দেন উচ্চ আদালত। সোমবার ধার্য দিনে হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।