দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে করা দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ ১৬ আসামি। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২২ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য রাখেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ১৯৯৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নগরের মুরাদপুর এলাকায় সিটি করপোরেশনের বাস টার্মিনালের যাত্রী ছাউনিতে ২৩টি দোকান বরাদ্দ দেন সাবেক মেয়র মহিউদ্দিন। বরাদ্দের আগে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে মনগড়াভাবে এসব দোকানের দাম নির্ধারণ করার অভিযোগে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো চট্টগ্রামের পরিদর্শক সামসুল আলম বাদী হয়ে ২০০২ সালের ১৩ অক্টোবর কোতোয়ালি থানায় মহিউদ্দিনের বিরুদ্ধে এই মামলা করেন। তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের পরিদর্শক জাহাঙ্গীর আলম ২০০৬ সালের ৯ ফেব্রুয়ারি মহিউদ্দিন চৌধুরীসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আদালতে। অভিযুক্ত বাকি আসামিরা দোকানের গ্রহীতা।
দুদকের আইনজীবী জানান, দীর্ঘদিন উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত ছিল। সম্প্রতি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে বিচারের জন্য মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।
মাহমুদুল হক বলেন, মহিউদ্দিনসহ ১৬ আসামি হাজির হয়ে গতকাল জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। আর এই মামলায় পলাতক বাকি আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদকের আইনজীবী জানান, একই আদালতে গতকাল মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি।