জামিন পেলেন মাহমুদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টা ও হত্যা ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন। তাঁর জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ আল আমিন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্রের অভিযোগে পল্টন থানায় করা মামলায় মাহমুদুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালত রুল অ্যাবসলিউট (যথাযথ)বলে জামিন দেন। আমরা আপিল করব।’

এ বিষয়ে মাহমুদুরের আইনজীবী তানভীর আহমেদ আল আমিন বলেন, ‘দুই মাস আগে জামিন প্রশ্নে রুল হয়েছিল। আদালত রুল অ্যাবসলিউট (যথাযথ) করে জামিন দিয়েছেন। আমার জানামতে এখন সবগুলো মামলায় তিনি জামিনে আছেন। ফলে তাঁর মুক্তিতে বাধা নেই।’

যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। গত ১৬ এপ্রিল ডিবি নিউ ইস্কাটন গার্ডেনের বাসা থেকে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে আটক করে। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানার পুলিশ। মাহমুদুর রহমানকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর পরে রিমান্ডেও নেওয়া হয়। এর আগে ২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে আছেন।

গত ৩১ আগস্ট পল্টন থানার ওই মামলায় শর্ত সাপেক্ষে জামিন পান শফিক রেহমান। এরপর গত মঙ্গলবার কারামুক্ত হন তিনি। আর গতকাল জামিন পেলেন মাহমুদুর রহমান।