জামিন পেলেন মিনার চৌধুরী
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। তাঁর করা জামিন আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
আদালতে মিনারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আমিনুল হক, মাহবুব উদ্দিন খোকন ও আবু হানিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
আইনজীবী আবু হানিফ প্রথম আলোকে বলেন, ওই মামলায় এখন পর্যন্ত ২১ জন সাক্ষী দিয়েছেন। এর মধ্যে তাঁর (মিনার) বিরুদ্ধে কোনো সাক্ষী সুনির্দিষ্টভাবে অভিযোগ করেননি—এই যুক্তিতে জামিন আবেদন করা হয়। হাইকোর্ট মিনার চৌধুরীকে ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। কেন তাঁকে জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল দিয়েছেন। অন্তর্বর্তীকালীন জামিন হওয়ায় মিনার চৌধুরীর মুক্তিতে বাধা নেই।
তবে সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার প্রক্রিয়া চলছে।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে (৪৭) দিনদুপুরে গুলি করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মিনার চৌধুরীসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। একই বছরের ২৭ মে মিনার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২৮ আগস্ট ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।