জামিন পেলেন মিনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ারকে গুলি করে হত্যা করার চেষ্টার মামলায় জামিন পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু। আজ বৃহস্পতিবার দুপুরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে মিজানুর রহমান মিনুর জামিনের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে বিচারক আশরাফুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন।
মিজানুর রহমান মিনুর আইনজীবী মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, আইনগত প্রক্রিয়া শেষে সন্ধ্যা নাগাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মিনু মুক্তি পেতে পারেন।
গত মঙ্গলবার রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালত-১-এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে মিনুকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
২০১১ সালের ৪ জুন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে ভুবন মোহন পার্ক থেকে দলের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা পুলিশের ওপর হামলা চালান। মিছিল থেকে ছোড়া গুলিতে বোয়ালিয়া মডেল থানার তত্কালীন ওসি খান মোহাম্মদ শাহরিয়ার গুলিবিদ্ধ হন। তাঁদের হামলায় আহত হন পুলিশের নায়েক খলিলুর রহমান, কনস্টেবল নুরুজ্জামান ও মাহবুবুর রহমান। এ ছাড়া মিছিলকারীরা সাহেববাজার এলাকায় ভাঙচুর চালান। এসব ঘটনায় বোয়ালিয়া থানায় ১১৯ জনের নাম উল্লেখ করে ৩৫০ জনের বিরুদ্ধে মামলা করেন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। মামলাটির তদন্ত শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি মিনু ও মেয়র বুলবুলসহ ১৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।