জামিন পেলেন মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় তিন মাসের জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার মির্জা ফখরুলের এই জামিন মঞ্জুর করেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
আদেশের পর সগীর হোসেন প্রথম আলোকে বলেন, মির্জা ফখরুলের জামিনের বিষয়ে হাইকোর্ট যে রুল দিয়েছিলেন, তা নিষ্পত্তি করে আদালত তাঁকে তিন মাসের জামিন মঞ্জুর করেছেন। এ আদেশের পর মির্জা ফখরুলের কারামুক্তিতে কোনো বাধা নেই।
পল্টন থানায় নাশকতার ওই তিন মামলায় মির্জা ফখরুলের জামিনের বিষয়ে দেওয়া রুলের ওপর গতকাল আদেশের দিন ধার্য ছিল। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে তিনি ওই তিন মামলায় জামিনের আবেদন করেন ৩ নভেম্বর। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।