মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা কক্সবাজারের মহেশখালীর মো. রশিদ মিয়াকে (৮৬) শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ আদেশ দেন। আসামিপক্ষে জামিনের আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী মো. শাহজাহান। আসামির বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি জামিনের আবেদন জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
মহেশখালীতে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগের তদন্ত চলছে, তাতে মোট আসামি ১৯ জন। তাঁদের মধ্যে সাতজনকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সাতজনের মধ্যে একজন মো. শামসুদ্দোহা কারাগারে অসুস্থ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর রশিদ মিয়া গতকাল শর্ত সাপেক্ষে জামিন পেলেন।