জামিন পেলেন রানা প্লাজা ধস মামলার দুই অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ভবন ধসের ঘটনায় করা হত্যা মামলায় সরকারি দুই কর্মকর্তা শহীদুল ইসলাম ও ইউসুফ আলীকে জামিন দিয়েছেন আদালত। আজ ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তাঁরা। বিচারিক হাকিম শাহজাদি ফাহমিদা তাঁদের জামিন মঞ্জুর করেন। 

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সরকারি আরেক কর্মকর্তা আওলাদ হোসেন আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে একই আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে বলা হয়েছে, এ মামলার একই প্রকৃতির আসামি গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা আওলাদ হোসেন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যেহেতু এই দুজনের বিরুদ্ধে একই অপরাধের অভিযোগ রয়েছে, তাই তাঁদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হোক।
আসামিপক্ষে শুনানি করেন শেখ বাহারুল ইসলাম। তিনি আদালতকে বলেন, এই দুজনকে আসামি করতে মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছিল। তাঁদের আসামি করার বিষয়ে কোনো অনুমোদন নেই। তাই জামিন পেতে পারেন।
এরা দুজন হলেন কল-কারখানা পরিদর্শন পরিদপ্তরের উপপরিচালক।