ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার এক ছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলায় ওই শাখার সাবেক প্রধান লুৎফর রহমান গতকাল বুধবার জামিন পেয়েছেন।লুৎফর রহমানের পক্ষে গতকাল তাঁর আইনজীবী গাজী শাহ আলম জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. আরিফুর রহমান ১০ হাজার টাকার মুচলেকায় ও একজন আইনজীবীর জিম্মায় জামিনের আবেদন মঞ্জুর করেন।একই আদালত গত সোমবার ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার বরখাস্ত হওয়া ও গ্রেপ্তার শিক্ষক পরিমল জয়ধর, লুৎফর রহমান এবং ভিকারুননিসা স্কুলের সাবেক অধ্যক্ষ হোসনে আরার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। আদালত ওই দিন হোসনে আরা ও লুৎফর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হোসনে আরা পরদিন আত্মসমর্পণ করে জামিন নেন।গত বছরের ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাশে একতলা ভবনের একটি কক্ষে ওই শাখার দশম শ্রেণীর এক ছাত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়। ৫ জুলাই ওই ছাত্রীর বাবা ওই ঘটনায় বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিমল, হোসনে আরা ও লুৎফরকে আসামি করে মামলা করেন। ৭ জুলাই কেরানীগঞ্জের একটি বাসা থেকে পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে।প্রথমে বাড্ডা থানার পরিদর্শক এস এম শাহাদত হোসেন ঘটনা তদন্ত করে ১৪ আগস্ট পরিমলকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি আবেদন করলে আদালত গোয়েন্দা (ডিবি) পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। ডিবি পুলিশও কেবল পরিমলের নামে সম্পূরক অভিযোগপত্র দেয়। বাদীপক্ষ আবারও নারাজি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তিনজনের বিরুদ্ধেই অভিযোগ আমলে নেন।