জামিন পেলেন শাহীন চাকলাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার।
গতকাল রোববার দুপুরে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাজাহান আলীর আদালতে হাজির হয়ে আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।
নির্বাচন কমিশনের নির্দেশে গত ৩১ মার্চ যশোর কোতোয়ালি থানার এসআই মোকাদ্দেস আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় শাহীন চাকলাদারসহ মোট তিনজনের নাম উল্লেখ করা হয়। অন্য দুজন হলেন আরবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম এবং দেয়াড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমান।
জামিন পাওয়ার পর প্রেসক্লাব যশোরে এক ব্রিফিংয়ে শাহীন চাকলাদার বলেন, এই মামলা ষড়যন্ত্রমূলক। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে শাহারুল ইসলাম ও দেয়াড়ায় আনিচুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।