জামিন পেলেন সাংসদ মোস্তাফিজুর
উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে মারধরের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর সরকারদলীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেন তা মঞ্জুর করেন। দুপুর ১২টা পর্যন্ত এই মামলার শুনানি চলে।
এ ছাড়া মামলার অন্য দুই আসামি উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম এবং স্থানীয় ওলামা লীগ নেতা আখতার জামিন পেয়েছেন।
বাঁশখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত পিপি বিকাশ রঞ্জন ধর এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রপক্ষের জোর বিরোধিতা সত্ত্বেও বিজ্ঞ বিচারিক হাকিম আদালত দীর্ঘ শুনানির পর ৫০ হাজার টাকা জামানতে এমপিসহ তিন আসামিকে জামিন দেন। তবে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) বা তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত এই জামিন বলবৎ থাকবে।’
গত রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে আগাম জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে ২০ জুনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
সাংসদের কৌঁসুলি ও চট্টগ্রাম জেলা আদালতের সাবেক পিপি মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘এমপি মোস্তাফিজুর রহমানসহ তিন আসামি আদালত থেকে জামিন পেয়েছেন। আমরা আদালতে বলেছি, এখন বাজেট অধিবেশন চলছে। অধিবেশনের ১৫ দিন আগে ও ১৫ দিন পরে কোনো এমপিকে গ্রেপ্তারের সুযোগ নেই। এ ছাড়া এই মামলায় কোথায়, কখন এবং কে কোন অপরাধ করেছেন তা স্পষ্ট নয়। এটাও আমরা আদালতের নজরে এনেছি।’
আবুল হাশেম আরও বলেন, ‘উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজের ডেমনস্ট্রেটর। ঘটনার সময় তিনি কলেজে ছিলেন। আর স্থানীয় ওলামা লীগ নেতা মাওলানা আকতার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও একটি মসজিদের ইমাম। তিনি ওই দিন ঘটনার সময় মাদ্রাসায় ছিলেন। এই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরেছি। আদালত সবকিছু বিবেচনায় এনে এমপি মোস্তাফিজসহ তিনজনকে জামিন দিয়েছেন।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম ৩ জুন সাংসদ মোস্তাফিজুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। সরকারি কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা সৃষ্টিসহ কয়েকটি অভিযোগে মামলাটি করা হয়। সাংসদের বিরুদ্ধে অভিযোগ, পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় ১ জুন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে সাংসদ মোস্তাফিজুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে নেন। তখন ইউএনও তাঁর কার্যালয়ে ছিলেন না। পরে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে সাংসদ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করেন। এরপর ওই দিন বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে সাংসদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়।