সাংবাদিক পেটানোর পরদিনই জামিন পেলেন সাংসদ রনি

দুই সাংবাদিককে পেটানোর ঘটনায় বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট কর্তৃপক্ষের করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনি। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাংসদ রনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম রেজাউল করিম তাঁর জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন দেশের বিভিন্ন সম্প্রচারমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকেরা। এক বিবৃতিতে তাঁরা এ ঘটনার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টেলিভিশনের কোনো অনুষ্ঠানে সাংসদ গোলাম মাওলাকে আমন্ত্রণ না জানানোরও আহ্বান জানান। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ সচিবালয়ে পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।গতকাল শনিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অপরাধবিষয়ক অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’-এর প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে বেধড়ক পেটান পটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলা ও তাঁর সহযোগীরা। গুরুতর আহত মহসীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সন্ধ্যার দিকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী বাদী হয়ে গোলাম মাওলাসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন। এরপর রাতে গোলাম মাওলা হত্যাচেষ্টা, চাঁদা দাবি, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ এনে ওই চ্যানেলের অন্যতম মালিক ও বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, দুই সাংবাদিকসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একই থানায় মামলা করেন।
এ ঘটনায় যেসব সাংবাদিক বিবৃতি দেন তাঁরা হলেন, মনজুরুল আহসান বুলবুল (বৈশাখী টেলিভিশন), খালেদ মুহিউদ্দিন (ইনডিপেনডেন্ট টেলিভিশন), খায়রুল আনোয়ার (এনটিভি), ইশতিয়াক রেজা (চ্যানেল ৭১), মোস্তফা ফিরোজ (বাংলাভিশন), ইব্রাহিম আজাদ (একুশে টেলিভিশন), সুকান্ত গুপ্ত (দেশ টিভি), সাইফুল আমিন (চ্যানেল আই), জ ই মামুন (এটিএন বাংলা), মুন্নী সাহা (এটিএন নিউজ ), রেজোয়ানুল হক (মাছরাঙা), শরীফুল ইসলাম ( এসএ টিভি), লুত্ফর রহমান (আরটিভি), মেসবাহ আহমেদ (গাজী টিভি), সোহেল মাহমুদ (মোহনা টিভি), মাহমুদ আল ফয়সাল (মাই টিভি)।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
দুই সাংবাদিককে মারধর ও পাল্টাপাল্টি মামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন তাঁর নিজের গতিতেই চলবে। আজ সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো মামলা হলেই কাউকে গ্রেপ্তার করা হয় না। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেয়।’ তিনি বলেন, ‘কোনো পক্ষ যদি আইন অমান্য করে বা আক্রমণ করে, তাহলে সে পক্ষকে আইনের আওতায় নিয়ে আসার দায়িত্ব আমাদের, সে দায়িত্ব আমরা পালন করব।’