শর্তে জামিন পেলেন সালাহ উদ্দিন
ভারতের মেঘালয়ে আইনি হেফাজতে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ দুটি শর্তে জামিন পেয়েছেন। শিলংয়ের নিম্ন আদালতের বিচারক বি মৌরি আজ শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেন।
সালাহ উদ্দিন আহমদের আইনজীবী এস পি মাহান্তা আজ সন্ধ্যায় শিলং থেকে প্রথম আলোকে মোবাইলে এ তথ্য নিশ্চিত করেছেন।
এস পি মাহান্তা জানান, শর্ত অনুযায়ী অনুপ্রবেশের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিলং ছাড়তে পারবেন না সালাহ উদ্দিন আহমেদ। এ ছাড়া এ সময় তাঁকে প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিতে হবে।
এদিকে শর্তসাপেক্ষে সালাহ উদ্দিন আহমেদ জামিন পাওয়ায় এখন তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলার বিচার শুরু হবে।
১১ মে ভোরে সালাহ উদ্দিন আহমদকে উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরতে দেখে শিলংয়ের গলফ-লিংক এলাকার লোকজন পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে পাস্তুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। তাঁর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় সেখানকার সিভিল হাসপাতালে। শিলং সদর থানা হয়ে নেওয়া হয় মানসিক হাসপাতাল মিমহানসে। এক দিন পর মিমহানস থেকে আবার তাঁকে পাঠানো হয় সিভিল হাসপাতালে। ২০ মে সিভিল হাসপাতাল থেকে নেগ্রিমসে (নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস) নেওয়া হয়। নেগ্রিমস হাসপাতালের চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর পুলিশ বিএনপির এই নেতাকে শিলং সদর থানা হেফাজতে নেয়। এরপর আবার সালাহ উদ্দিনের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনার জন্য তাঁকে নেগ্রিমস হাসপাতালের রাখা হয়।
এরপর ২২ মে শিলংয়ের নিম্ন আদালতে স্ত্রী হাসিনা আহমদ সালাহ উদ্দিনের জামিন আবেদন করেন। আদালত ২৯ মে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে জামিন চেয়েছিল পরিবার।
এদিকে নেগ্রিমসে চিকিৎসাধীন সালাহ উদ্দিন আহমদের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করেছেন সেখানকার চিকিৎসকেরা। আপাতত তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি।