জামিন পেলেন সেই আরিফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চার বছর মামলার ঘানি টানার পর অবশেষে জামিন পেলেন নিরপরাধ শিক্ষার্থী আরিফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার আদালত তাঁকে জামিন দেন।
আরিফুল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। ১৬ আগস্ট তাঁকে নিয়ে প্রথম আলোয় ‘প্রশাসন ও পুলিশের ভুল, খেসারত দিচ্ছে নিরপরাধ ছাত্র’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
আদালত সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ওবায়দুর রহমান। অন্যদিকে বাদীপক্ষে ছিলেন ইয়াছিন আরাফাত। এ সময় আরিফুল জামিন পেলে কোনো আপত্তি নেই মর্মে আদালতে দরখাস্ত দেন ইয়াছিন আরাফাত। এর পরেই আরিফুলের জামিন মঞ্জুর করেন আদালত।
আরিফুল ইসলামের আইনজীবী ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, আরিফুল ইসলাম যে নিরপরাধ, এর পক্ষে সব কাগজ আদালতে উত্থাপন করা হয়। ভারপ্রাপ্ত চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম কুদরত-এ-ইলাহীর আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী ইয়াছিন আরাফাত বলেন, ‘আমরা চাই না নিরপরাধ কেউ মামলার ঘানি টানুক। প্রথম আলোয় আসা প্রতিবেদনটির পর আমরা নিশ্চিত হয়েছি যে যার বিরুদ্ধে অভিযোগ, সেই আরিফ এ আরিফ এক নয়। তাই আমরা আরিফুল জামিন পেলে আমাদের কোনো আপত্তি নেই মর্মে আদালতে দরখাস্ত দিই।’
মামলার বাদী সাইফুদ্দিন খালেদ নিজেও জামিন আবেদনের সময় আদালতে ছিলেন। তিনি বলেন, ‘পুলিশের ভুলে আরিফুল এত দিন ধরে ভোগান্তির শিকার হলেন। তিনি যেন এ নিয়ে আর কোনো ভোগান্তির শিকার না হন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা করে যাব।’
জামিন পাওয়ার পর আরিফুল ইসলাম বলেন, ‘প্রথম আলোকে ধন্যবাদ। প্রতিবেদনটি না করলে আমাকে মামলার রেশ টেনে যেতে হতো। এখনো মামলা থেকে নিষ্পত্তি না পেলেও জামিন পেলাম। আর প্রতিবেদনে সত্য ঘটনা উঠে আসায় এখন অনেকেই এ ক্ষেত্রে আমাকে সহযোগিতা করছেন। আশা করছি দ্রুত নিষ্কৃতি পাব।’