জামিন পেলেন সেই তিন চিকিৎসকের বাকি দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎ​সক। এই দুই চিকিৎ​সক হলেন সহযোগী অধ্যাপক মাহাবুবুল আলম ও শামীমা রোজী।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. ফরিদ আলমের আদালতে হা​জির হয়ে তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। আদালত মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে অস্ত্রোপচারের সময় এক কিশোরের পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার অভিযোগে করা মামলায় গতকাল সোমবার জামিন পান একই হাসপাতালের আরেক চিকিৎসক রানা চৌধুরী। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার।

অবহেলায় রোগীর মৃত্যু ও অস্ত্রোপচারের সময় রোগীর পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার পৃথক অভিযোগে চট্টগ্রামে এই তিন চিকিৎসকের বিরুদ্ধে ১৯ জানুয়ারি আদালতে দুটি মামলা হয়। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম অভিযোগ দুটিকে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন পাঁচলাইশ থানা-পুলিশকে। মামলা হওয়ায় পরের দিন ২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি দুপুর পর্যন্ত ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রাখেন চিকিৎসকেরা। ২৪ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুরোধে এক সমাবেশে ঘোষণা দিয়ে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন তাঁরা।

অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে করা মামলায় বলা হয়, তাঁর মেয়ে চিকিৎসক দম্পতি মেহেরুন নিসা মাহাবুবুল আলম ও শামীমা রোজীর তত্ত্বাবধানে নগরের পাঁচলাইশ এলাকার বেসরকারি সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি হন ৯ জানুয়ারি বিকেলে। পরদিন ভোর ৬টায় অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মেয়ে একটি কন্যা সন্তান প্রসব করেন। অস্ত্রোপচারের পর তাঁর মেয়ের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ওই সময় চিকিৎসক দম্পতি বলেন, রোগীকে আবার অস্ত্রোপচার করতে হবে। ১২ ব্যাগ রক্ত লাগবে। অস্ত্রোপচারের সময় ১৪ ব্যাগ রক্তও দেওয়া হয়। ওই দিন বিকেল ৫টার সময় হাসপাতাল থেকে জানানো হয়, তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। ওই দুই চিকিৎসকের অবহেলার কারণেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।

মেহেরুন নিসার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর স্বজনেরা ওই দিন সার্জিস্কোপ হাসপাতাল ভাঙচুর করেন। দুদিন পর ওই মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকদের শাস্তি দাবি করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও পালিত হয়।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চিকিৎসক শামীমা রোজী ১৯ জানুয়ারি বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেছিলেন, ‘যা বলার তদন্তে বলবো। চিকিৎসায় কোনো অবহেলা ছিল না।’