জামিন পেলেন সেই সহকারী কর কমিশনার আবদুর রহমান
সিলেট অঞ্চল-৪-এর সেই সহকারী কর কমিশনার (অতিরিক্ত) তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি আবদুর রহমান গতকাল বুধবার রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আদালত সূত্র জানায়, ১৫ এপ্রিল হাইকোর্ট থেকে তাঁর জামিন মঞ্জুর করা হয়। এরপর জামিনের কাগজপত্র গতকাল রংপুর মুখ্য বিচারিক আদালতে জমা দিয়ে তাঁর জামিন প্রার্থনা করা হলে আদালত তা মঞ্জুর করেন। বেলা দুইটা ৪০ মিনিটে তিনি কারাগার থেকে মুক্তি পান। গত ৮ ফেব্রুয়ারি রংপুরের কাচারি বাজারে শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। দুদক ও মামলা সূত্রে জানা যায়, আবদুর রহমান ১৯৮৯ সালে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। ওই সময় তিনি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) ১১৫ মেট্রিক টন গম উত্তোলন করে তা আত্মসাৎ করেন। এ ব্যাপারে ১৯৯৩ সালের ১৮ অক্টোবর ডিমলা থানায় একটি মামলা হয়। ২০০৪ সালের ৩০ নভেম্বর মামলার রায়ে আবদুর রহমানের তিন বছরের কারাদণ্ড ও ছয় লাখ ৩৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ হয়। দীর্ঘদিন পলাতক থাকায় গত বছরের ১৭ অক্টোবর রংপুরের বিশেষ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর আবদুর রহমান তাঁর হয়ে সিলেটের আবদুর রউফ (৫৫) নামের এক ব্যক্তিকে রংপুরের আদালতে আত্মসমর্পণের জন্য রাজি করান। এ জন্য আবদুর রউফের সঙ্গে ৫০ হাজার টাকায় সমঝোতা হয়। গত ২৯ জানুয়ারি সিলেটের আবদুর রউফ ডিমলার আবদুর রহমান সেজে আত্মসমর্পণ করেন। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যায়।