জামিন পেলেন সেই সাবেক সিভিল সার্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
luxmipur
luxmipur

কারাদণ্ডের একদিন পরই আজ মঙ্গলবার লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফ জামিন পেয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর শওকত হোসেন তাঁর জামিন মঞ্জুর করেন।

জামিনের পর দুপুরে লক্ষ্মীপুর জেলা বিএমএর সভাপতি আশফাকুর রহমান মামুনসহ চিকিৎসকেরা জেলা কারাগার থেকে সালাহ উদ্দিনকে নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে আসেন। এর আগে সকাল থেকেই সদর হাসপাতালের চিকিৎসকেরা আদালতপাড়ায় অবস্থান করেন। এতে চিকিৎসকদের অভাবে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। জামিনের পর সবাই নিজ নিজ কর্মস্থলে যোগ দিলে চিকিৎসাসেবা স্বাভাবিক হয়।

জানা যায়, গত সোমবার সকাল নয়টার দিকে শহরের কাকলি শিশু অঙ্গন বিদ্যালয় এলাকায় লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সঙ্গে তর্ক হয় সালাহ উদ্দিন শরীফের। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে পুলিশ পাঠিয়ে সালাহ উদ্দিনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। দুজনের সন্তান ওই বিদ্যালয়ে পড়ে।

এর কিছু সময় পরই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগে লক্ষ্মীপুরের অবসরপ্রাপ্ত সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সাজা ঘোষণার পর দুপুরেই তাঁকে কারাগারে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান।

সাবেক সিভিল সার্জনকে সাজা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন লক্ষ্মীপুরের চিকিৎসকেরা। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) লক্ষ্মীপুর শাখার নেতারা ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে ওই সাজা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় সোমবার রাত ১০টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা। তাঁরা সালাহ উদ্দিন শরীফের মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেন। আজ দুপুর ১২টার মধ্যে মুক্তি না দিলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের হুমকি দেন চিকিৎসক নেতারা।

জামিনে মুক্তির পর আজ মঙ্গলবার বিকেলে সাবেক সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সমাজের অপরাধ দমনের জন্য ভ্রাম্যমাণ আদালত হবে, এতে আমাদের দ্বিমত নেই। কিন্তু ব্যক্তিগত আক্রোশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা দুঃখজনক। প্রচলিত আইনের অপপ্রয়োগ করা হচ্ছে। এটি সমাজের জন্য অশনিসংকেত।’

এ ব্যাপারে কথা বলার জন্য লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আজ গাজীপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, গতকাল সোমবার লক্ষ্মীপুরে একজন সাবেক সিভিল সার্জনকে তাৎক্ষণিকভাবে যে সাজা দেওয়া হয়েছে, তা সমীচীন হয়নি। একজন সাবেক সরকারি কর্মকর্তাকে এভাবে সাজা দেওয়া ঠিক নয়। এ বিষয়ে পদক্ষেপ নিতে আইনমন্ত্রীকে বলা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের তেতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ১২ দিনব্যাপী বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।