জামিন পেলেন সেই 'বজরঙ্গি ভাইজান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি থেকে অপহরণের পর পাচার করে বাংলাদেশে আনা শিশু সনুর কথিত আশ্রয়দাতা হাসি বেগমের দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন সনুর বাবা-মায়ের খোঁজ দিয়ে ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাতি পাওয়া বরগুনার জামাল ইবনে মুসা।
গতকাল মঙ্গলবার দুপুরে জামাল ইবনে মুসা, তাঁর ছেলেসহ ওই মামলার ছয় আসামি বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হলে বিচারক তাঁদের জামিন দেন।
চলতি বছরের ২৯ মে জামাল ইবনে মুসাসহ সাতজনের বিরুদ্ধে বেতাগী থানায় মামলাটি করেন হাসি বেগম। মামলায় হাসি বেগম অভিযোগ করেন, গত ১১ এপ্রিল আসামিরা শত্রুতার জের ধরে তাঁর (হাসি) বাড়িতে ঢুকে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তাঁর (হাসি) মা মাথায় আঘাত পান। এ ছাড়া বাড়ির মালামাল লুটপাট ও হাসি বেগমের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়।
জামাল ইবনে মুসার আইনজীবী গোলাম সাজ্জাত মিসকাত বলেন, দিল্লি থেকে পাচার করে আনা শিশু সনুর বাবা-মায়ের সন্ধান বের করায় ক্ষিপ্ত হয়ে হাসি বেগম এই মিথ্যা মামলা করেছেন।
জামাল ইবনে মুসা বলেন, ‘আশা করি হাসি বেগমের দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে পুলিশ প্রতিবেদনেও আমাদের মুক্তি দেওয়া হবে।’
জামাল ইবনে মুসা আরও বলেন, ‘আমি ভারত থেকে এসে যশোরে কিশোর আশ্রয়কেন্দ্রে গিয়ে সনুর সঙ্গে দেখা করেছি। এরপর সেখানকার কর্মকর্তাদের কাছে সনুর বাবা-মায়ের ছবি, পরিচয়পত্র, সনু হারিয়ে যাওয়ার পর দিল্লির সীমাপুরি থানায় করা জিডির কপি, ওই সময়ে দিল্লির স্থানীয় কয়েকটি সংবাদপত্রে সনু অপহরণ হওয়া-সংক্রান্ত কয়েকটি সংবাদের কপিসহ বিভিন্ন তথ্য-প্রমাণ জমা দিই। আশা করি শিগগিরই সনু তার বাবা-মায়ের কাছে ফিরে যেতে পারবে।’
ভারতীয় দূতাবাস থেকে ১ জুন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়, ২০১০ সালে দিল্লি থেকে অপহরণ হয় শিশু সনু। এরপর তাকে পাচার করে বরগুনার বেতাগী উপজেলার গেরামর্দন গ্রামের বাড়িতে নিয়ে আসেন হাসি বেগমের বোন রহিমা ও আকলিমা।
প্রসঙ্গত, শিশু সনুকে বাবা-মায়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করায় ভারতীয় গণমাধ্যম জামালকে ‘বজরঙ্গি ভাইজান’ আখ্যা দিয়েছে। এ নিয়ে গত ৩০ মে প্রথম আলোয় ‘বাংলাদেশের বজরঙ্গি ভাইজান’ শিরোনামে খবর ছাপা হয়।