সিলেটের তারাপুর চা-বাগান দখল করে দেবোত্তর সম্পত্তির হাজার কোটি টাকা আত্মসাতের আলোচিত মামলায় রাগীব আলী ও তাঁর পরিবারের পাঁচ সদস্যের সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পংকজ কুমার গুপ্ত আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে জামিন দিয়েছেন আদালত। পরোয়ানা জারির পর এক সপ্তাহের মাথায় গতকাল বুধবার দুপুরে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিমের আদালতে তিনি হাজির হলে তাঁর পক্ষের আইনজীবীরা জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক মো. সাইফুজ্জামান হিরো জামিন মঞ্জুর করেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ২৩ আগস্ট। ওই দিন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।
জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘উচ্চ আদালতের রায়ের পর ১৫ মে জেলা প্রশাসন তারাপুর চা-বাগানের স্থাপনা ব্যতীত অন্যান্য জায়গার দখল বুঝিয়ে দেন। এ সম্পত্তি দেবতার। সেবা করার সুযোগ থেকে এত দিন কুচক্রীরা আমাকে বঞ্চিত করে রেখেছিল। এ সুযোগ আবার আমাকে দিয়েছেন আদালত। মামলায় জড়ানোর বিষয়টি আমি মনে করি, সেই কুচক্রীদের প্ররোচনায় হয়েছে। আমাকে দুরভিসন্ধিমূলকভাবে মামলার অভিযোগপত্রে জড়ানো হয়েছে। বিষয়টি আদালতের দৃষ্টিগোচরে দিয়ে আইনিভাবে মোকাবিলা করার সৎসাহস রাখি। এ জন্য অন্য আসামিদের মতো আমি পালাইনি, পালাব না।’